নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ০৩:১৯ পিএম
হামে আক্রান্ত ২ হাজার ৪০০ রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার করে টাকা দেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।
এছাড়া হাম ও ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিভিন্ন সামগ্রী দিয়েছে সংস্থাটি।
শনিবার (২৩ মে) সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের হাতে চার পদের চিকিৎসা সামগ্রী তুলে দেয় আইএফআরসি।
জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী বাংলাদেশে হাম ও হামের উপসর্গে ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বেশ কয়েকজন এবং বাকিরা হামের জটিল উপসর্গ নিয়ে মারা গেছে। শিশুদের চিকিৎসায় দিশেহারা অভিভাবকরা। সেইসঙ্গে বাড়ছে ডেঙ্গু প্রাদুর্ভাব।
এমন পরিস্থিতিতে ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লো মিটার ও ১ লাখ পিস নরমাল স্যালাইন দিয়েছে আইএফআরসি।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, হামে আক্রান্ত শিশু এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় এই সামগ্রী দেওয়া হয়েছে। এতে রোগীদের চিকিৎসা নিতে কিছুটা সহজ হবে।
আর্থিক সহায়তার বিষয়ে আইএফআরসি জানায়, হাসপাতাল পরিচালকদের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল রোগীদেরকে অনুদান দেওয়া হবে। মোট ২ কোটি ২৪ লাখ টাকা হাম রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য দেওয়া হবে।
আইএফআরসি জানায়, অনেক রোগী রয়েছেন আর্থিকভাবে অসচ্ছল এবং ঠিকভাবে চিকিৎসা নিতে পারছে। তাদেরকে সহযোগিতা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান, আইএফআরসি, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ/এএইচ