নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ০৭:৪৪ পিএম
দেশের বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৫ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ ও রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনে পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ এ অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ভাস্কুলার সার্জারি বিভাগের তিনজন, কার্ডিয়াক সার্জারির দুজন, ভাইরোলজি বিভাগের দুজন এবং রেজিওলাজি অ্যান্ড ইমেজিং বিভাগের নয়জন রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’
এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৪ মের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখায় সরাসরি অথবা ই-মেইল per1@hsd.gov.bd এ পাঠানোর জন্য বলা হয়েছে।
এসএইচ/ক.ম