নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬, ০৫:৫৭ পিএম
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১ হাজার ১৯২ জন চিকিৎসককে জাতীয় বেতন স্কেলের সংশ্লিষ্ট গ্রেডের সুযোগ-সুবিধা প্রদান করেছে সরকার।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্টের রায় অনুসরণ করে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মতামতের আলোকে এসব সুবিধা দেওয়া হচ্ছে।
চাকরিতে যোগদানের দিন থেকেই প্রযোজ্য পদোন্নতি ও বেতন স্কেলের সুবিধা পাবেন এসব চিকিৎসক। প্রজ্ঞাপনে তাদের সপ্তম, ষষ্ঠ ও পঞ্চম গ্রেড প্রাপ্যতার তারিখ উল্লেখ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, রিট আবেদনকারীদের শেষ বেতনের প্রত্যয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সপ্তম ও পঞ্চম গ্রেডে সিলেকশন গ্রেড এবং ষষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলের বকেয়া প্রদান করতে হবে। অর্থ বিভাগের সময়ে সময়ে জারি করা আর্থিক বিধিবিধান ও পরিপত্র অনুসরণ করেই বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তাদের অতীতের বেতন হিসাব অনুযায়ী সমন্বয় করা হবে এবং সুবিধাগুলো প্রশাসনিকভাবে পর্যায়ক্রমে কার্যকর হবে।
উল্লেখ্য, হাইকোর্টের রিট পিটিশন ৮৩৯৯/২০১৪, ৭৩১৬/২০১৩, ৩৬২৮/২০১৪ ও ৫৬৯/২০১৫-এর ১৮ জুন ২০১৫ তারিখের রায় অনুসরণ করেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এসএইচ/এমআই