images

হেলথ

বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

ঢাকা মেইল ডেস্ক

১৭ মে ২০২৬, ০৯:৩০ পিএম

গাজীপুরের টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আয়োজিত এক দিনব্যাপী চক্ষু শিবিরে ২৭২ জনকে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা প্রদান করা হয়েছে।

রোববার (১৭ মে) টঙ্গীর আইএইচএফ স্কুল প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের আয়োজন করে আই কেয়ার প্রোগ্রাম-এমএসএস। এতে আইএইচএফ স্কুল, হলি সান মডেল স্কুল ও অথেন্টিক স্কুলসহ মোট চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

শিবিরে ২৭২ জন শিক্ষার্থী ও শিক্ষককে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ২০ জনকে প্রয়োজনীয় ওষুধ এবং ১০ জনকে চশমা দেওয়া হয়। পাশাপাশি চক্ষু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ২৭২টি ফ্লায়ার বিতরণ করা হয়।

মানবিক সাহায্য সংস্থা–এর আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) আয়োজিত এ চক্ষু শিবিরে সহযোগিতা করে আল হাকিম চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার। অর্থায়ন করে রোটারি ক্লাব।

Screenshot_2026-05-17_213018

আয়োজকেরা জানান, এ চক্ষু শিবিরের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চোখের যত্ন বিষয়ে সচেতনতা বাড়ানো এবং আর্থিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিতদের সেবা দেওয়াই মূল লক্ষ্য।

আইএইচএফ স্কুলের প্রধান শিক্ষক নাইম হাসান বলেন, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা চক্ষু পরীক্ষা করান এবং প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ পান। এতে তারা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থা–এর আই কেয়ার প্রোগ্রাম জুলাই ২০১৪ থেকে মে ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৫১৭টি চক্ষু শিবির আয়োজন করেছে। এ পর্যন্ত ২ লাখ ৩১ হাজার ৭৭৪ জনকে বিনামূল্যে চক্ষুসেবা এবং ২৩ হাজার ৪১ জনের চোখে সার্জারি সম্পন্ন করা হয়েছে।