images

হেলথ

হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি সাড়ে ৪শ’ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০২৬, ০৩:৫০ পিএম

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এমআই