নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ০৬:২৮ পিএম
হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না।
মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।
প্রতিকূল পরিস্থিতির কথা স্বীকার করে সাখাওয়াত হোসেন বলেন, স্বল্প সময়ে নানামুখী চ্যালেঞ্জের কারণে সব ক্ষেত্রে শতভাগ সফলতা তৎক্ষণাৎ দৃশ্যমান না হলেও চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আন্তর্জাতিক মানের বাইরে কোনো চিকিৎসা পদ্ধতি এখানে প্রয়োগ করা হচ্ছে না বলেও তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মাত্র দুই মাসেই দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে।
এসএইচ/ক.ম