images

হেলথ

৯৫ শতাংশ শিশু হামের টিকার আওতায় এসেছে: স্বাস্থ্য ডিজি

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৬, ০৩:১১ পিএম

হাম প্রতিরোধে সরকারের পরিকল্পনার ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘যেসব জায়গায় বেশি হাম রোগী, সেসব জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সারাদেশে টিকা কার্যক্রম চলমান রয়েছে। শিশুদের জীবনের সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। টিকাদান ও চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।’

তিনি বলেন, ‘প্রতিটি শিশুর প্রাণ অমূল্য। হামের টিকা দানের লক্ষ্য অর্জনের কাছাকাছি রয়েছি। হামের টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি তৈরি হয় না, তৈরি হতে কিছু দিন সময় লাগে। যে শিশু এখনও টিকা পায়নি, তাঁরাও যেন এই ক্যাম্পেইনে টিকা গ্রহণ করে।’

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘হাসপাতালের আইসিইউ এবং শয্যা বৃদ্ধি করা হয়েছে। সরকার চিকিৎসা সেবা প্রদানে দ্রুত কাজ করছে। অতিদ্রুত আমরা হাম মোকাবিলায় করতে পারবো। সেইসঙ্গে হাম মুক্ত বাংলাদেশ হবে।’

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, আট বিভাগে ১ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৯১৪ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। 

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এমআই