নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৬, ০৭:২৭ পিএম
ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ), পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-জিপি বিষয়ক কনসালটেন্ট অধ্যাপক আবু সৈয়দ মজুমদার।
বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামাল এবং প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। কর্মশালার বাস্তবায়নে সহায়তা করেন অর্থ ও হিসাব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় পিপিএ ২০২৬, পিপিআর ২০২৫ এবং ই-জিপি প্ল্যাটফর্মের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ই-জিপি ব্যবস্থার মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং এটি নানা জটিলতা কমাতে সহায়ক। তিনি ক্রয় কার্যক্রমে সময়োপযোগী পরিকল্পনা ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করে বলেন, অর্থবছরের শেষ দিকে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে ভুলের ঝুঁকি বাড়ে, তাই নির্ধারিত সময়েই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, পিপিএ, পিপিআর ও ই-জিপি বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের মানসিকতার ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। এতে দুর্নীতি ও অনিয়ম হ্রাস পাবে এবং সরকারি অর্থের অপচয় কমবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সুশাসন প্রতিষ্ঠা জোরদার হবে।
তারা আরও বলেন, যেকোনো ক্রয়ের ক্ষেত্রে স্পেসিফিকেশন নির্ধারণে নির্ভুলতা, পূর্ণতা ও বাস্তবতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএইচ/এআর