images

হেলথ

মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

০৩ মে ২০২৬, ১০:২২ এএম

সারাদেশের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সব মেডিকেল কলেজের একযোগে ক্লাস শুরু হচ্ছে রোববার (৩ এপ্রিল)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজের ৪৫৫টি আসনের বিপরীতে দেশি এবং বিদেশি মোট ১১৮৩৩ জন শিক্ষার্থী এ বছর এমবিবিএস এ ভর্তির সুযোগ পেলেন। 

এ বছর এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১২২৬৩২ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সমূহের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে আরম্ভ হবে।

সারাদেশের ১১২টি মেডিকেল কলেজের সকল নবীন শিক্ষার্থী অনলাইনে যুক্ত থাকবেন। এই অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করবেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। 

এই উপলক্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের উদ্যোগে মেডিকেল কলেজ সমূহে ৩ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজন করবে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের উদ্যোগে প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপন করবেন। এর মাধ্যমে সারাদেশে ১২ হাজার বৃক্ষ রোপন করা হবে। এছাড়াও নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে একটি বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মেডিকেল শিক্ষার মানসিক চাপ থেকে উত্তরণে শিক্ষার্থীরা সহযোগিতা পাবে।

এসএইচ/এআরএম