নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএমএসআরআইর অনারারী সেক্রেটারি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘উত্তরা আধুনিক মেডিকেল কলেজের (ইউএএমসি) কনফারেন্স রুমে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কমিটির (ইসি) সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) বর্তমান, চেয়ারম্যানের শূন্য পদটি পূরণের লক্ষ্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম, চেয়ারম্যান, গভর্নিং বডি, উত্তরা আধুনিক মেডিকেল কলেজকে উক্ত শূন্য পদে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো।’
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই) দেশের চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য এবং আধুনিক মেডিকেল টেকনোলজি নিয়ে কাজ করা একটি অন্যতম বেসরকারি গবেষণা ও শিক্ষামূলক সংস্থা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা শিক্ষা, দক্ষ জনবল তৈরি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছে।
বিএমএসআরআই অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এই তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান বর্তমানে চলমান রয়েছে।
এসএইচ/ক.ম