নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া এই সময়ে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট চার হাজার ৬৯৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন শিশু।
এদিকে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় মোবাইল মেডিকেল টিম এবং বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আরও পড়ুন: কেন বাড়ছে হাম, প্রতিরোধে করণীয় কী
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যেসব শিশুর টিকা দেওয়া হয়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন চালানো হচ্ছে। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, হামের কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।
এমআই