নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
দেশের প্রতিনিয়ত বাড়ছে হামের আক্রান্ত শিশুর সংখ্যা। এমতাবস্থায় সারাদেশের হাসপাতালগুলোকে রোগী ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, শয্যা খালি না থাকার অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হাম উপসর্গের রোগী অন্যত্র রেফার করা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালকেই অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে। এর আগে ২১ এপ্রিল অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।
অধিদফতরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শয্যা খালি না থাকার অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হাম উপসর্গের রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, শুধুমাত্র অতি প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ক্ষেত্রে রোগী রেফার করা যাবে। এ ধরনের রেফারের ক্ষেত্রে উপজেলা, জেলা, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত ফ্লো চার্ট অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ আদেশ অমান্য হলে সংশ্লিষ্ট হাসপাতাল প্রধানকে জবাবদিহির আওতায় আনা হবে।
এ নির্দেশনা কার্যকর করার জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসএইচ/এএইচ