images

হেলথ

‘সুস্থ জাতি গঠনে বিজ্ঞানভিত্তিক গবেষণার বিকল্প নেই’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

‎সুস্থ জাতি গঠনে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ের স্বাস্থ্য ঝুঁকিগুলো মোকাবিলা করতে হলে অবশ্যই আধুনিক বিজ্ঞানের ওপর আস্থা রাখতে হবে।

‎বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ এপ্রিল) স্টেট বিশ্ববিদ্যালয়ের ‘স্কলার্স ইন’ সেমিনার কক্ষে জনস্বাস্থ্য বিষয়ক এক বিশেষ সেমিনারে বিশেষজ্ঞরা এসব বলেন।

‎সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার। তিনি বর্তমান সময়ে জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক তথ্যের গুরুত্ব এবং সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বলেন, টেকসই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হলে আমাদের অবশ্যই বিজ্ঞানের ওপর আস্থা রাখতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। ‎তিনি বলেন, সুস্থ জাতি গঠনে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই। স্টেট ইউনিভার্সিটির মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দক্ষ জনস্বাস্থ্য কর্মী তৈরিতে যে ভূমিকা রাখছে, তা দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।

‎স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খান সভাপতিত্ব করেন।

‎অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. মুশতাক হোসেন এবং অধ্যাপক ডা. সামসুন্নাহার। এছাড়াও ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্সেসের ডিন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন।

‎অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (এনআইপিএসওএম), ইউনিসেফ, ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন), সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং নুরা হেলথ।

‎সেমিনারের সমাপনী বক্তব্যে স্টেট ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ভবিষ্যৎ জনস্বাস্থ্য কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার মাইলফলক হিসেবে কাজ করবে।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন জনস্বাস্থ্য বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর মো. আল্লামা ফয়সাল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, এডজাঙ্কট ফ্যাকাল্টি, এলামনাই এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎সেমিনার শেষে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করেন।

এএম/ক.ম