ঢাকা মেইল ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম
স্বাস্থ্য সুরক্ষা, প্রতিরোধভিত্তিক চিকিৎসা এবং ক্যানসার বিষয়ে সার্বিক জনসচেতনতা জোরদারের লক্ষ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) ক্যানসার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর উদ্যোগে এবং সিওক হেল্থকেয়ারের সহযোগিতায় এই আয়োজন হয়। আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল, গুয়াংজু এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিল।
সেমিনারের মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যানসার বিশেষজ্ঞ লিন জিং, যিনি তার বক্তব্যে আধুনিক ক্যানসার চিকিৎসার অগ্রগতি, উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা এবং সময়োপযোগী রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গুয়াংজুর মডার্ন ক্যানসার হাসপাতালের ব্রাঞ্চ ম্যানেজার এমিলি লি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার সুযোগ ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাস্টের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া। এছাড়াও সিওক হেল্থকেয়ারের কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব) তাঁর বক্তব্যে বলেন, ‘ক্যানসার প্রতিরোধে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে পারি।’ তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারের আলোচনায় ক্যানসারের প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ, নিয়মিত স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা, আধুনিক চিকিৎসা সুবিধা সম্পর্কে ধারণা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষভাবে প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং সচেতনতার মাধ্যমে ঝুঁকি কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়। -বিজ্ঞপ্তি
ক.ম/