images

হেলথ

‘করোনার টিকা-সরঞ্জাম কেনায় ৪ হাজার ৬৮৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল’

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০২০-২০২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা ভাইরাস মোকাবিলায় টিকাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও কেনায় মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। দেশের মানুষের সুরক্ষায় করোনা ভ্যাকসিন ক্রয়ে এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দিনের কার্যসূচি অনুযায়ী মৌখিক উত্তর দেওয়ার জন্য প্রশ্নোত্তর উত্থাপিত হয়।

সংসদ সদস্য জয়নাল আবদিন জানতে চান, বিগত করোনা ভাইরাস মৌসুমে মহামারি মোকাবিলায় সরকার টিকাসহ করোনা সরঞ্জাম আমদানি ও কেনাকাটায় বরাদ্দ ও ব্যয়ের হিসাব কী, টিকা আমদানিতে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০-২০২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি আর কেনার জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে টিকা কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। সিরিঞ্জ কিনতে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। টিকা ও সিরিঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে ব্যয় হয়েছে আরও ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা। সিরিঞ্জ শিপিং খাতে খরচ হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকা কেনার বিষয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনিয়মের কোনো অভিযোগ জমা পড়েনি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এমএইচএইচ/এফএ