images

হেলথ

বিএমইউর নতুন ভিসি হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক এফ এম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সোমবার (৬ এপ্রিল) সকালে প্রথম কর্মদিবস শুরু করেন তিনি। এরআগে গতকাল রোববার (৫ এপ্রিল) বিকেলে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রথম কর্মদিবসে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সদ্য সাবেক (অস্থায়ী) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানে আমি ইন্টার্নশিপ করেছি। আরপি, হোস্টেল সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছি। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যেমন সুনাম আছে তেমন নানাবিধ সমস্যাও আছে।

BMU

এই বিশ্ববিদ্যালয়ের কাছে গণমানুষের প্রত্যাশা অনেক। সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে গণমানুষের সেই প্রত্যাশাকে পূরণ করতে হবে। সবাইকে একটা কথা মনে রাখা প্রয়োজন, যে যে পদে চাকুরি করেন সেই পদের কাজ ও দায়িত্ব কি কি সেটা উপলব্ধি করে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে। যার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করলেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

এসময় সদ্য সাবেক (অস্থায়ী) ভিসি ও প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে নবনিযুক্ত ভিসির সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম সামনে দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। 

নবনিযুক্ত ভিসি বিএমইউর জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকরা এবং অফিসার্স এ্যাসোসিয়েশন পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

এছাড়াও ভিসি প্রথম কর্ম দিবসে বহির্বিভাগে রোগীদের সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রাউন্ড দেন এবং কেবিন ব্লকে চিকিৎসাধীন সফলভাবে হওয়া কিডনি ট্রান্স প্যান্টের এক রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন।

এসএইচ/এমআই