images

হেলথ

ওএসডি আদেশ স্থগিত, স্বপদে ফিরলেন ডা. বশীর 

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) আদেশ স্থগিত করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদকে তার দায়িত্ব ফিরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি জারি করা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখা হতে ১৯.১০.২০২৫ তারিখে ৪৫,০০,০০০০,১৪৭.১৯.০১৯.২৫ ৯৯২ নং স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক ডা. মো. বশীর আহম্মেদ (১৩১০৯৮), আবাসিক সার্জন, নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকা [সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি (ইনসিটু)]-কে সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি হিসেবে ওএসডি সংযুক্তিতে হবিগঞ্জ মেডিকেল কলেজ, হবিগঞ্জে বদলি বা পদায়নের আদেশটি এতদ্বারা বাতিল করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও এতে বলা হয়েছে।

এদিকে গত ৪ এপ্রিল নিউরোসায়েন্স হাসপাতালের আবাসিক সার্জনের দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মো. বশীর আহম্মেদ খান। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী।

এর আগে গত বছরের ২৪ মার্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে যোগ দেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. মো. বশীর আহম্মেদ খান। 

তবে অনিয়মের অভিযোগে ওই বছরের ২১ অক্টোবর তাকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও একই সঙ্গে হবিগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়।

এরপর বিষয়টি নিয়ে তদন্ত হয়। এতে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় পূর্বের আদেশ বাতিলের পাশাপাশি তাকে স্বপদে বহাল করা হয়।

এ বিষয়ে ডা. মো. বশীর আহম্মেদ খান বলেন, ‘আমার ব্যাপারে আনা অভিযোগের বিষয়ে তদন্ত করে কিছু পায়নি কমিটি। নির্দোষ প্রমাণিত হওয়ায় আগের অর্ডার বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন আদেশে আমি আমার নিজ পদে ফিরে এসেছি। পূর্বের মতোই পূর্ণ নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব।’

এসএইচ/এএইচ