নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম
দেশের রোগীদের চিকিৎসায় সেবা নতুন উদ্যোগে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ববিদ্যালয়টির বহির্বিভাগে অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় এক লাখ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
আজ বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।
বিশ্ববিদ্যালয় জানায়, বিএমইউর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ রোগীরা এই চিকিৎসাসেবা গ্রহণ করেন। বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিতে পারছেন। এতে রোগীদেরকে লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকিট ক্রয় করার প্রয়োজন হচ্ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।
এদিকে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদেরকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধের পর টিকিটটি প্রিন্ট দিয়ে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
জনসংযোগ বিভাগ জানায়, রোগীরা যদি টিকিটটি প্রিন্ট দিয়ে নিয়ে আসেন তাহলে সেই টিকিটটি নিয়ে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এতে করে রোগীদের সময় যেমন সাশ্রয় হবে, তেমন বহির্বিভাগে টিকিট কাটা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করতে হবে না।
এসএইচ/এএস