images

হেলথ

ঢাকা মেডিকেলসহ ৫ মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

ঢাকা মেডিকেল কলেজসহ দেশের সরকারি পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে শাহনেওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো–

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল ইসলামকে ঢাকা মেডিকেলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে, মুগদা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির উজ জামানকে স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. আইনুল ইসলাম খানকে মেডিকেলটির অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামকে নোয়াখালী মেডিকেলের অধ্যক্ষ পদে, মুগদা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেনকে মেডিকেলটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খানকে মেডিকেল কলেজটির উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএইচ/এফএ