নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম
হামের সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ ব্যবস্থায় এখন ছয় মাসের শিশুকেও হামের টিকা দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় প্রচলিত ব্যবস্থায় এখন পর্যন্ত দেশে ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হতো।
বর্তমান পরিস্থিতিতে নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে বিশেষ ক্যাম্পেইন চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে।
সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।
বিশেষ এই ক্যাম্পেইন কর্মসূচি জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, এক মাস ধরে চলবে এই কর্মসূচি এবং এর আওতায় প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।
হালিমুর রশিদ জানান, বর্তমানে দেশে নয় মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির মাধ্যমে টিকা পাবে।
তিনি বলেন, ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। এছাড়া আন্তর্জাতিক জোট গ্যাভি থেকে প্রয়োজনীয় অর্থায়ন, টিকা ও লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে; পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জামও পৌঁছাবে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাইক্রোপ্ল্যানের মাধ্যমে কোন এলাকায় কতজন শিশুকে টিকার আওতায় আনা হবে, সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
এমআর