images

হেলথ

বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে এমডি কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই কোর্সের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির লোকাল হেলথ ডিস্ট্রিক্টর সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ইমার্জেন্সি মেডিসিন বিষয়ক সহযোগী অধ্যাপক ডা. রেজা আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএমইউর উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ। 

বিএমইউর জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াকের  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানসহ অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ফ্যাকাল্টি, বিএমইউর সম্মানিত ডিন, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশ এক ইতিহাসের দ্বারপ্রান্তে যেখান থেকে জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে নতুন ভর্তি হওয়া নবীন চিকিৎসকরা ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে দেশ এবং বিদেশের প্রখ্যাত ফ্যাকাল্টিদের তত্ত্বাবধানে উপযুক্ত বিশেষজ্ঞ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন এবং দেশের রোগীদের উচ্চ মানসম্পন্ন জরুরি চিকিৎসাসেবা দিতে পারবেন।

বক্তারা দেশে ইমাজেন্সি মেডিসিন বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরি, দক্ষ জনবল তৈরি, দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলাসহ সমন্বিত ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন।

এসএইচ/ক.ম