images

হেলথ

দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আন্তর্জাতিক বাজারে হিলিয়াম গ্যাসের চরম অস্থিরতা চলছে। সেইসঙ্গে সরবরাহ কমেছে। তবুও বাংলাদেশে বর্তমানে হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিকস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে যাতে বিদ্যুৎ ও স্বাস্থ্যখাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে দেশের হাসপাতালগুলোতে এমআরআই স্ক্যানসহ অন্যান্য জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই।

অনুষ্ঠানে মন্ত্রী চিকিৎসকদের পেশাগত নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন, গুটি কয়েক অসৎ চিকিৎসকের নেতিবাচক প্রভাব যদি পুরো চিকিৎসা খাতে পড়ে, তবে জাতি ধ্বংসের মুখে পড়বে। 

মন্ত্রণালয় পরিচালনার চ্যালেঞ্জ উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কার্যত হাবুডুবু খাচ্ছি। চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই বিশাল খাতের সেবা নিশ্চিত করা সম্ভব নয়।’

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, সারা দেশে অনুমোদনহীন ও অনিয়মে লিপ্ত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মানসম্মত সেবা নিশ্চিত করতে কোনো আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এসএইচ/ক.ম