নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম
ঈদের ছুটিতে বেড়েছে দুর্ঘটনা। যাদের বেশিরভাগই বাইক দুর্ঘটনার শিকার। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ঈদের ছুটি কয়েকদিনে ভর্তি হয়েছেন ৩০০ জন রোগী।
সোমবার (২৩ মার্চ) দুপুরে হাসপাতালটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানতে চাইলে নিটোরের পরিচালক ডা. আবুল কেনান ঢাকা মেইলকে বলেন, ‘পাঁচদিনে জরুরি বিভাগে ১ হাজার ২০০ রোগীকে সেবা দেওয়া হয়েছে। জরুরি অস্ত্রোপচার হয়েছে ২৬০টি।’
তিনি বলেন, ‘অন্যান্য বছর অটোতে দুর্ঘটনার শিকার রোগী বেশি পাওয়া গেছে। তবে এ বছর বাইক দুর্ঘটনার শিকার রোগী বেশি।’
ডা. আবুল কেনান আরও বলেন, ‘রোগীদের মধ্যে বেশিরভাগেরই হাত ও পা আঘাতপ্রাপ্ত। তবে পায়ে আঘাতপ্রাপ্ত।’
হাসপাতালটির জরুরি বিভাগে স্বাস্থ্যকর্মী আবদুল হান্নান বলেন, ‘কিছুক্ষণ পর পর সারাদেশ থেকে রোগী আসছে। আমরা পর্যাপ্ত সহযোগিতা করছি। যাতে রোগীরা সঠিক সেবা পেতে পারেন।’
কুমিল্লায় বাইক দুর্ঘটনার শিকার হয়ে নিটোরে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব। জানতে চাইলে তিনি বলেন, ‘কুমিল্লায় মোড় পার হওয়ার সময় বিপরীত দিক আসা ক্যাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয়। এতে আমার একপা বাইকের নিচে পড়ে যায় এবং পা ভেঙে যায়।’
তিনি আরও বলেন, ‘এখন হাঁটতে পারছি না। পায়ে প্রচন্ড ব্যথা। ডাক্তার দেখাতে এসেছি। আশা করছি, সঠিক সেবা পাবো এবং সুস্থ হয়ে যাবো।’
তারই মতো হাসপাতালটিতে কিছুক্ষণ পর পর আসছেন দুর্ঘটনার শিকার রোগী। বরিশাল থেকে ভাঙা পা নিয়ে এসেছেন শাহিনুজ্জামান। তিনি ঈদের আগের বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘পায়ের গোড়ালিতে আঘাতপ্রাপ্ত হয়েছি। বরিশালে ডাক্তার দেখিয়েছি, তবে ভালো মনে হয়নি। তাই এখানে এসেছি ভালো ডাক্তার দেখাতে।’
এসএইচ/এমআই