নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ০১:২২ পিএম
আকস্মিকভাবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার (১৪ মার্চ) সকালে তিনি এ পরিদর্শন করেন।
এসময় সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয়ভাবে দেশব্যাপী শুরু হওয়া ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে সরদার মো. সাখাওয়াত হোসেন রোগীদের খোঁজ খবর নেন ও তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কিনা ও খাবারের মান কেমন তা জানতে চান। চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হয়েছে কিনা তার খোঁজ খবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরো ২ জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এসএইচ/এফএ