images

হেলথ

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপক জাহিদ রায়হান

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

বুধবার (১১ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থিত স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।

তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ, তৎকালীন পিজি হাসপাতাল) থেকে নিউরো সার্জারিতে এমএস ডিগ্রি নেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির (ইউকে) ফাংশনাল নিউরোসার্জারির একাডেমিক ফেলো ছিলেন।

এসএইচ/এমআই