images

হেলথ

অভিযোগের পর শরীয়তপুরের সেই ক্লিনিকের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

সরকারি হাসপাতালের ডিউটি ফেলে বেসরকারি হাসপাতালের রোগী দেখার অভিযোগ ওঠে এক চিকিৎসকের বিরুদ্ধে। পরে শরীয়তপুরের বেসরকারি সেই সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৫ মার্চ) অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু আহসান মো. মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানিয়েছে, সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ১৮৫ সাত্তার প্লাজা, চৌরঙ্গী, সদর রোড, শরীয়তপুর—প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নরূপ অভিযোগ পরিলক্ষিত হয়: ১. অফিস চলাকালীন সরকারি চিকিৎসকের প্র্যাকটিস করা। ২. প্রতিষ্ঠানটি ২০১৩-২০১৪ অর্থবছরের পর লাইসেন্স নবায়ন না করা।

উপর্যুক্ত অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সব স্বাভাবিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, বর্তমানে ভর্তিকৃত রোগীরা ছুটির আগ পর্যন্ত হাসপাতালে অবস্থান করতে পারবেন এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে (অধিদফতরের পরিচালক, হাসপাতাল ও ক্লিনিকসমূহ) অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, জানায় স্বাস্থ্য অধিদফতর।

এর আগে ক্লিনিকটিতে সরকারি অফিস চলাকালীন সময়ে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেন শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার। এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পায়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি লাইভ সম্প্রচার করা হয়।

এ সময় তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সরকারি দায়িত্ব পালনে অনিয়মের পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসএইচ/এআর