ঢাকা মেইল ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
বিশ্ব ক্যান্সার দিবস (৪ ফেব্রুয়ারি) উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে রাজধানীর উত্তরায় সেমিনার আয়োজন করেছে নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ার। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে উত্তরা লেডিস ক্লাব প্রাঙ্গণে এই সেমিনার হয়।
অনুষ্ঠানে ক্যানসার সচেতনতার প্রয়োজনীয়তা ও সামাজিক দায়িত্ব নিয়ে বক্তব্য দেন ‘আমরা নারী’ সংগঠনের উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব এবং সিওক হেলথকেয়ারের কর্ণধার এম এম মাসুমুজ্জামান এবং কো ফাউন্ডার ফারহানা হাসনা তুলি। আরও ছিলেন উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাজিয়া খানম এবং হোসনে আরা ইদ্রিস।
বিশেষ অতিথি ছিলেন চীনের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক জেন জিকুয়াং, ফোশান ফোসুন চানচেং হাসপাতাল, চীন। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল উত্তরা লেডিস ক্লাবের সদস্যরাসহ বৃহত্তর সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এর মধ্যে রয়েছে- ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব; আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা; সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা; জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা।
আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যানসারের মতো মরণব্যাধি থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। -বিজ্ঞপ্তি
ক.ম/