images

হেলথ

৪৪তম বিসিএসে পররাষ্ট্রে দ্বিতীয়, ৪৫তমে স্বাস্থ্যে প্রথম ডা. আবরার

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৭ এএম

এবার ৪৫তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. আবরার হাসান। এর আগে তিনি ৪৪তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডা. আবরার হাসান রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

ডা. আবরার হাসান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের দুই হাজার ৩০৯টি পদের বিপরীতে এক হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ পেয়েছেন ৫০৭ জন। ৪১৮ জন সহকারী সার্জন হয়েছেন এবং ৮৯ জন সহকারী ডেন্টাল সার্জন হয়েছেন।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছরের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ছয় হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এসএইচ/এএস