নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
রাজধানীর শ্যামলী নার্সিং কলেজ ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)।
বুধবার (৩ সেপ্টেম্বর) কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে জানানো হয়, হাসপাতাল ও শ্রেণিকক্ষে ডিউটিরত অবস্থায় শিক্ষার্থীদের অশ্লীল ভঙ্গিতে টিকটক ও রিলস ভিডিও বানাতে বাধ্য করার অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ‘শ্যামলী নার্সিং কলেজ ও ট্রমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করে হাসপাতালে এবং ক্লাস চলাকালে অশ্লীল ভঙ্গিতে ভিডিও ধারণ করতে বাধ্য করা হয়েছে। এ ধরনের কার্যক্রম সামাজিকভাবে নার্সদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।,
এই ঘটনায় উক্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন আগামী দুই বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ঘটনাটি কখন, কীভাবে সংঘটিত হয়েছে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট কোনো সময় বা ভিডিওর বর্ণনা উল্লেখ করা হয়নি।
এসএইচ/এএইচ