নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের (বালিকা) এতিম বালিকাদের স্বাস্থ্যসেবার দায়িত্ব নিল হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)।
শনিবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁও-এ সমাজসেবা অধিদফতরের আওয়তাধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) স্থায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে দাতব্য সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, সরকারি শিশু পরিবার বালিকা শাখার এতিম শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হেলো যে কার্যক্রম হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। হেলোর এ-ধরনের উদ্যোগের সাথে সমাজসেবা অধিদফতর পাশে আছে এবং আগামীতেও থাকবে।
এ সময় তিনি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি এই শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানান।
অনুষ্ঠানে হেলো'র প্রতিষ্ঠাতা ও সিইও ডা. মহসীন আহমদ তার স্বাগত বক্তব্যে হেলো'র পরিচিতি তুলে ধরে বলেন, মানবতার জন্য দাতব্য, গবেষণা ও সচেতনতা-এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই দেশব্যাপী হেলো বিভিন্ন দাতব্য কর্মসূচি পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় সরকারি শিশু পরিবারে এই স্থায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা। হেলো’র এই কার্যক্রম স্থায়ীভাবে চলবে, ক্রমান্বয়ে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার, ডা. মহসীন আহমেদ, অ্যাডভোকেট আবু রেজা কাইয়ুম খান, ড. মো. আসিফুর রহমান, মো. জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম চৌধুরী, মো. রুকুনল হক এবং মিসেস ঝর্ণা জাহান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে হেলোর জেনারেল সেক্রেটারি ড. আসিফুর রহমান অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
এছাড়া ডা. মাহবুবা আক্তার চৌধুরী, ডা. গৌতম চন্দ্র সাহা এবং ডা. মো. গোলাম সাব্বির স্বাস্থ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং অনুষ্ঠান শেষে শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
এমএইচ/জেবি