Dhaka Mail Logo

বিনোদন

সুশান্ত স্মরণে ভিডিও প্রকাশ, তোপের মুখে রিয়া

বিনোদন ডেস্ক

১৫ জুন ২০২৩, ০৯:৫৫ এএম

২০২০ সালের ১৪ জুন, আচমকাই চমকে দিয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। তিন বছর পেরিয়ে গেল তার মৃত্যুর, কিন্তু এখনও এই মৃত্যুতে জড়িয়ে একাধিক রহস্য।

সুশান্তের মৃত্যু তদন্তে একের পর এক অভিযুক্তের নাম সামনে এসেছে। কিন্তু আজও সুবিচার পাননি সুশান্ত ও তার পরিবার-পরিজনেরা, এমনই অভিযোগ। অভিনেতার মৃত্যু ঘিরে রয়েছে গভীর অসন্তোষ। তাকে খুন করা হয়েছিল! এমনই অভিযোগ সকলের। মূল অভিযুক্ত তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

সেই রিয়াই বুধবার (১৪ জুন) সুশান্তকে মনে করে একটি অদেখা ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, পাহাড়ের উপর সুশান্তকে জাপ্টে ধরে রেখেছেন রিয়া। ক্যাপশনে কালো হৃদয়ের ইমোজি দিয়েছেন নায়িকা। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, ‘হাও আই উইশ ইউ ওয়্যার হিয়ার’ অর্থাৎ আমি এখনও ভাবি, যদি তুমি এখানে থাকতে।

এরপরেই রিয়াকে আক্রমণ করতে ছাড়েননি সুশান্তভক্তরা। ঢং করছেন? ইয়ার্কি করছেন? সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন তিনি। অভিনেতার পুরোনো দিনের স্মৃতি সকলের সামনে তুলে ধরতেই খেপে আগুন তারা।