Dhaka Mail Logo

বিনোদন

মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা স্টুডিওতে ‘চিরকুট’

বিনোদন ডেস্ক

১৪ জুন ২০২৩, ০৪:১৩ পিএম

সুরের ভাষা এক। পৃথিবীতে সংগীত সংশ্লিষ্ট সবাই একই বন্ধনে আবদ্ধ। ওই জায়গা থেকে বলা যায়, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের সঙ্গে বাংলাদেশের ব্যান্ড চিরকুটের আত্মীয়তাও একই রকম। এবার মাইকেল জ্যাকসনের ডেরায় হানা দিয়েছেন চিরকুটের সদস্যরা।

একটু ভেঙে বলা যাক। এক মাসেরও বেশি সময় হলো চিরকুট অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। সেখানকার বিভিন্ন অঞ্চলে গান গেয়ে বেড়াচ্ছেন তারা। এবার তারা গেলেন লস অ্যাঞ্জেলসের হলিউডে অবস্থিত পৃথিবীর বিখ্যাত ওয়েস্টলেক স্টুডিওতে। এখানেই রেকর্ড করা হয়েছে মাইকেল জ্যাকসনের বিভিন্ন গান।

মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজাড়ির এই স্টুডিওতে এসে উচ্ছ্বসিত চিরকুট প্রধান শারমিন সুলতানা সুমি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় একটি স্মরণীয় দিন। আমরা আমাদের অর্ধেক বা তার বেশি জীবন স্টুডিওতে কাটিয়েছি। স্টুডিও আমাদের স্বস্তি, বাড়িঘর। বাংলাদেশ থেকে এসে আজ হলিউডের এই স্টুডিওতে, এত জগদ্বিখ্যাত মানুষের গন্ধমাখা জায়গাটাতে আমরা সারাদিন রেকর্ড করেছি। সারাদিন কাটিয়েছি। সৃষ্টিকর্তা আমাদের এতো দিয়েছেন, কৃতজ্ঞতায় বারবার নুইয়ে যাই আমরা।’

চিরকুটের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আহারে জীবন’ অন্যতম। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রের গান এটি। সুমি জানান, ঐতিহাসিক এ স্টুডিওতে গানটি পুনরায় রেকর্ড করলেন তারা। যা খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।

ওয়েস্টলেক স্টুডিও’তে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামটির রেকর্ডিং হয়েছিল। এই অ্যালবামটি ছাড়াও জ্যাকসনের আরও অনেক গান তৈরি হয়েছে এখানে। স্টুডিওটির একটি বিশেষ কক্ষে মাউকেল জ্যাকসনের স্মৃতি সংরক্ষিত আছে।