Dhaka Mail Logo

বিনোদন

রণবীর-দীপিকার প্রেমের সাক্ষী কে ছিলেন?

বিনোদন ডেস্ক

১৩ জুন ২০২৩, ০৮:০১ পিএম

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা যখন একাকী জীবন কাটাচ্ছিলেন ঠিক তখন তার জন্য প্রেমের প্রসাদ নিয়ে আসেন রণবীর। আর এসবের সাক্ষী ছিলেন বলিউড অভিনেতা গুলশান দেভাইয়া।

গুলশান জানান, দীপিকা-রণবীরের হৃদয়ঘটিত সম্পর্কের শুরু ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ছবির সেট থেকে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সেই স্মৃতি রোমন্থন করেন গুলশান বলেন, ‘ছবির প্রথম শিডিউলে তেমন কিছুই দেখিনি। উদয়পুরে ছবির দ্বিতীয় শিডিউল শুরু হয়েছে। তখন দেখি রণবীরের কোলে এসে বসছেন দীপিকা। এর আগে কিছু দৃশ্যের শুটিং হয়েছে। তখনও কিছু নজরে পড়েনি। তখন তো দীপিকা আসতেন, কাজ করতেন, বাড়ি চলে যেতেন।’

গুলশান জানান, দীপিকাকে দেখামাত্রই তার প্রেমে পড়েছিলেন রণবীর। তারপর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকার। যদিও একেবারে প্রথম দিকে নাকি রণবীরের দিকে তেমন নজর দেননি দীপিকা। আগের সম্পর্কে মন ভাঙার পরে নাকি স্রেফ কাজেই মন দিয়েছিলেন অভিনেত্রী।

তবে বেশিদিন নিজেকে রণবীরের থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি দীপিকা। ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির শুটিং শেষ হতে হতে একে অপরের প্রেমে ভরপুর হাবুডুবু খাচ্ছেন যুগল।

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থেকে রণবীর-দীপিকা সাতপাকে বাঁধা পড়েন ২০১৮ সালে। বিয়ের জন্য তারা উড়ে গিয়েছিলেন লেক কোমোয়। সেখানেই চার হাত এক হয় তাদের।