বিনোদন ডেস্ক
০৬ জুন ২০২৩, ০৩:২৫ পিএম
ছোটপর্দা দিয়ে শুরু। তারপর বড়পর্দায় ক্রমশই পাকাপোক্ত হয়েছে জায়গা। এবার নতুন ভেঞ্চারে নামলেন মৌনী রায়। এবার মুম্বাইতে নিজের রেস্তোরাঁ খুলে ফেললেন বঙ্গতনয়া।
আন্ধেরিতে গত ২৬ মে খুলেছে ‘বদমাশ’ নামের রেস্তোরাঁ। রোববার ছিল তার উদ্বোধন। আর সেই অনুষ্ঠানেই রীতিমতো চাঁদের হাট বসেছিল। মৌনী ও তার স্বামী সুরজ নাম্বিয়ার ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী দিশা পাটানি, অঙ্কিতা লোখান্ডে, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা এবং মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানি।

রেস্তোরাঁ সেজে উঠেছে মূলত ক্রান্তীয় বনভূমি ও জঙ্গলের থিমে। বিভিন্ন দেয়ালে আঁকা রয়েছে বাঘের ছবি। ইনডোর-আউটডোর দু-রকমই বসার বন্দোবস্ত রয়েছে। সবুজ গাছ, হলুদ আলোয় সুসজ্জিত রেস্তোরাঁর ভেতরে ঢুকলেই মন ভরে যাবে। রয়েছে বার কাউন্টার। সেখানেও চতুর্দিকে গাছ। প্রকৃতির ছোঁয়ায় বসে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার মজাটাই যে আলাদা, তা স্বীকার করবেন যে কেউ।
মৌনী নিজেই রেস্তোরাঁর ভেতরে এবং বাইরে থেকে নিজের একাধিক ছবি শেয়ার করেছেন। সেখানে একটি প্রিন্টেড টপ এবং থাই স্লিট স্কার্টে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অভিনেত্রী জানিয়েছেন, মূলত ভারতীয় খাবারের পাশাপাশি বিদেশি বিভিন্ন খাবারও পাওয়া যাবে রেস্তোরাঁয়।