Dhaka Mail Logo

বিনোদন

আমি আমার জায়গা থেকে সৎ: সুনেরাহ

বিনোদন ডেস্ক

০২ জুন ২০২৩, ১২:৫৮ পিএম

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া স্ক্যান্ডাল নিয়ে ফের মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল। সামাজিক মাধ্যামে নাতিদীর্ঘ একটি স্ট্যাটাসে ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আত্মপক্ষ সমর্থন করলেন তিনি। সেইসঙ্গে নিজের জায়গা থেকে নিজেকে সৎ বলে দাবি করলেন সুনেরাহ।

নিজের ফ্যানপেজে সুনেরাহ লিখেছেন, ‘যেকোনো একটা ঘটনা অনেকভাবেই ব্যাখ্যা করা যায় এবং সেই ঘটনার আগে-পরেও অনেক ঘটনা থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাই। চিন্তা না করে, সত্যতা যাচাই না করে, প্রমাণ-ভিত্তি ছাড়াই আমরা মন্তব্য করে বসি। তাতে সেই ঘটনার সাথে জড়িত মানুষগুলোর দায় কতটা, তারা এবং তাদের পরিবার তাতে কতটা মানসিক/সামাজিক/পেশাগত/সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে—তার কোনো কিছুই আমরা চিন্তা করি না।’

এরপর তিনি লেখেন, ‘৫ বছর আগে ঘটা ২ বন্ধুর কিছু মুহূর্ত কে বা কারা কেন যে সামনে নিয়ে এলো এবং তা নিয়ে যেই আলোচনা/সমালোচনা/রটনা/চর্চা হচ্ছে—প্রথমত সেটাই বেশ অবান্তর। দ্বিতীয়ত, কিছু বিচ্ছিন্ন ছবি বা ভিডিও'র দোহাই দিয়ে যেভাবে আমাদের চরিত্র, সম্পর্ক ও অবস্থানের সার্টিফিকেট দেয়া হচ্ছে তা খুবই দুঃখজনক।’

সবশেষে সুনেরাহ অনুরোধ রাখেন, ‘আমার শুধু একটাই অনুরোধ, দয়া করে সত্য না জেনে বা প্রমাণ ছাড়া ভুল তথ্য/মন্তব্য ছড়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে সাংবাদিক ভাই-বোনদের অনুরোধ, আপনারা দয়া করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে দিন। আমি আমার জায়গা থেকে সৎ এবং শক্ত আছি। সময় ও অভিজ্ঞতার সাথে আরও পরিণত হচ্ছি। ভুল থেকে শেখার চেষ্টা করছি। কিন্তু এমন কোনো ভুল আমি কখনোই মেনে নেব না, যেখানে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হবে এবং সেটা আমার আত্মসম্মানে অনৈতিকভাবে আঘাত করবে।’

এর আগে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ।

আরআর