Dhaka Mail Logo

বিনোদন

‘মহানগর ৩’ কি আসবে?

বিনোদন ডেস্ক

২৫ এপ্রিল ২০২৩, ০২:২৪ পিএম

দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এতে তিনি উপস্থিত হয়েছিলেন ওসি হারুন চরিত্রে। সিরিজটির প্রথম কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় ছিলেন দ্বিতীয় অধ্যায়ের জন্য।

রোজার ঈদ উপলক্ষে ২০ এপ্রিল প্রকাশ পেয়েছে ‘মহানগর ২’। এরপরই শুরু হয়েছে নতুন প্রশ্ন, ‘মহানগর ৩ কি আসবে?’ এদিকে সিরজের শেষ দৃশ্যে হাজির হওয়া অনির্বাণ ভট্টাচার্য সামাজিক মাধ্যমে দর্শকের কৌতূহল আরও উসকে দিয়েছেন।

নিজের ইনস্টাগ্রামে অনির্বাণ লিখেছেন, ‘গল্প এখানে শেষ হয়নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মহানগর ৩ আসছে।’ অভিনেতার পোস্ট দেখে নেটিজেনদের উত্তেজনা যখন তুঙ্গে তখন মুখ খোলেন সিরিজটির নির্মাতা আশফাক নিপুন। তবে তিনি বিষয়টি পরিষ্কার না করে রহস্য আরও ঘনীভূত করেন। অনির্বাণের পোস্ট শেয়ার করে নেট দুনিয়ায় লেখেন, ‘ওমা, আমাকে না জানিয়েই?’

এতে বেশ ঘূর্ণিপাকে পড়ে যান নেটিজেনরা। অবশেষে তাদের জন্য উত্তর নিয়ে এগিয়ে আসেন হইচই বাংলাদেশের পরিচালক সাকিব আর খান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মহানগর ৩ করার ইচ্ছা রয়েছে। মহানগর ২ তো সেভাবেই শেষ হয়েছে। এখন দেখা যাক। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে কিছুই নিশ্চিত নয়।’

‘মহানগরে’র দ্বিতীয় অধ্যায়ে যুক্ত হয়েছে বেশকিছু নতুন চরিত্র। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস প্রমুখ।