Dhaka Mail Logo

বিনোদন

ছেলের পরিচালনায় শাহরুখ

বিনোদন ডেস্ক

২৫ এপ্রিল ২০২৩, ০২:০৩ পিএম

শাহরুখ খান এর আগে জানিয়েছিলেন, তার বড় ছেলে আরিয়ান খান ক্যামেরার পেছনে কাজ করতে আগ্রহী। এবার যেন তারই বাস্তবায়ন ঘটল। নির্মাতা হিসেবে প্রথমেই আরিয়ান ক্যামেরার সামনে পেলেন বাবা শাহরুখকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কিছুদিন আগে নিজের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড এনেছেন আরিয়ান। নাম রেখেছেন 'ডি'ইয়ালভ এক্স' । সেই পোশাক ব্র্যান্ডেরই বিজ্ঞাপনের শ্যুটিং ছিল। আর ছেলের পোশাক ব্র্যান্ডের মুখ হয়ে বিজ্ঞাপনের শ্যুটিং করলেন 'বাদশা'। নিজের পরিচালনার শুরুতেই ‘কিং খান’কে অ্যাকশন বলার সুযোগ পেলেন আরিয়ান।

এদিকে ভাইয়ের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের টিজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বোন সুহানা খান। পোস্ট করেছেন শাহরুখ নিজেও। পাশাপাশি 'ডি'ইয়ালভ এক্স'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও পোস্ট করা হয়েছে বিজ্ঞাপনের টিজার এবং শ্যুটিংয়ের সময় আরিয়ানের মনিটরে চোখ রাখার ছবি।

টিজারে ব্ল্যাকবোর্ডে শাহরুখের হাত দেখা যায় যা ‘টাইমলেস’ কথাটা কেটে দিচ্ছে। এরপর হাত থেকে একটি রং মাখানো ব্রাশ পড়ে যায় মেঝেতে। যা তুলে নেন শাহরুখ। তারপর আসে মুখের খানিক অংশ। আর একটা লেখা, ‘পুরো ভিডিও আসবে @dyavol.x-এ। বাকি মাত্র ২৪ ঘণ্টা।’

আরিয়ান খান পোশাক ব্র্যান্ডটির সহ-মালিক। তিনি লেটি ব্লাগোয়েভা এবং বান্টি সিং-এর সঙ্গে এই ব্যবসার অংশীদারিত্ব করেছেন, যাদের সঙ্গে তিনি ইতিমধ্যেই একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন।