বিনোদন ডেস্ক
২০ এপ্রিল ২০২৩, ০৯:৫৬ এএম
ফের প্রাণনাশের হুমকি পেলেন সালমান খান। তবে এবার কোনো ফেক নয়, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকেই আরও একটি প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। আগামী ২১ এপ্রিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি, আর তার ঠিক আগেই একাধিক মৃত্যু হুমকির শিকার ভাইজান।
তবে এবার শুধু সালমান একাই নন, সালমানকে সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়া সেনসেশন তথা অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও গ্যাং থেকে হুমকির ই-মেইল পেয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ই-মেইলে আবারও মৃত্যু হুমকি দেওয়া হয়েছে সালমানকে। আর এবার মুম্বাইয়ে সুপারস্টারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সুপারস্টারের সঙ্গে এবার তালিকায় রয়েছেন রাখি সাওয়ান্তও।
ই-মেইলে বিষ্ণোই গ্যাং রাখিকে সালমানের থেকে দূরে থাকতে বলেছেন। মার্চ মাসে লরেন্স বিষ্ণোই সালমানকে হত্যার হুমকি দেওয়ার পরে রাখিকে রাস্তার মাঝখানে বসে সালমানের পক্ষ থেকে বিষ্ণোই গ্যাংয়ের কাছে ক্ষমা চান। এরপর থেকেই রাখি হয়েছেন টার্গেট। কয়েকদিন আগেও একজন ফোনকারী, যিনি নিজেকে ‘রকি ভাই’ বলে পরিচয় দিয়েছিলেন, তিনি আগামী ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরে এটি একটি প্রতারণামূলক কল বলে প্রমাণিত হয়।
গতবছর থেকে মৃত্যু হুমকি তাড়া করে বেড়াচ্ছে সালমানকে। প্রথম প্রাণে মারার চেষ্টা, সেলিম খানকে উড়ো চিঠি, এরপর গোল্ডি ব্রার ছদ্মবেশে লরেন্সের সঙ্গে দেখা করার দাবি, শেষমেষ রকি ভাইয়ের কাছ থেকে নকল কল। কঠোর নিরাপত্তা সত্ত্বেও সালমান একাধিক মৃত্যু হুমকির শিকার হলেন।
সালমান খান এবং বিষ্ণোই সম্প্রদায়ের শত্রুতা ১৯৯৮ সাল থেকে শুরু, যখন অভিনেতা রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকার করে মেরে ফেলেছিলেন। বিষ্ণোই সম্প্রদায়ে কালো হরিণকে পবিত্র বলে মনে করা হয় এবং তারা তখন সালমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাকে গ্রেপ্তারের দাবি করে। তখন সালমানকে কারাগারে সাজা দেওয়া হলেও জামিনে মুক্তি পান তিনি। ফেব্রুয়ারিতে লরেন্স বিষ্ণোই তার সম্প্রদায়ের কাছে ন্যায়বিচারের জন্যে সালমানকে ক্ষমা চাইতে বলেন।