বিনোদন প্রতিবেদক
২৮ মার্চ ২০২২, ০৫:৩৩ পিএম
দুর্ঘটনায় আহত পরীমণি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (২৭ মার্চ) হাতে ক্যানোলা লাগানো (স্যালাইন দেওয়া) ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন তিনি। এরপর থেকে তার দুর্ঘটনার কারণ জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন নেটিজেনরা।
অনেকে চিন্তিত ছিলেন, অন্তঃসত্ত্বা পরীমণির অনাগত সন্তানের কোনো সমস্যা হয়নি তো! না তেমন কিছু হয়নি। এই নায়িকার ঘনিষ্ঠ চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, সুস্থ আছেন পরীমণি। বিপদ কেটে গেছে। গর্ভের সন্তানও সুস্থ আছে।
ঢাকা মেইলকে চয়নিকা বলেন, ‘সকাল পর্যন্ত পরীমণির পাশে ছিলাম। আগে থেকে বেশ ভালো আছেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।’
দুর্ঘটনার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে দুর্বল ছিলেন পরীমণি। হঠাৎ পড়ে যান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাজ (পরীমণির স্বামী) সবসময় তার পাশে আছেন।’
পরীমণি মাতৃত্বকালীন ছুটিতে আছেন ১১ মার্চ থেকে। তবে সদ্য মুক্তি পাওয়া গুণিন ছবির প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। এই সিনেমায় অভিনয়ের সূত্র ধরে শরীফুল রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এক সপ্তাহের প্রেম শেষে গত বছর ১৭ অক্টোবর মালাবদল করেন তারা।
আরএসও