Dhaka Mail Logo

বিনোদন

জেরার মুখে বনি, মুখ খুললেন তার মা

বিনোদন ডেস্ক

০৯ মার্চ ২০২৩, ০৬:২৮ পিএম

দুর্নীতির অভিযোগে ফেঁসে যাওয়ার সম্ভবনা রয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। নিয়োগ দুর্নীতির তদন্তে তাকে ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন তিনি।

ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছে ইডি। সেই সূত্রেই তাকে তলব। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতস কাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বনির মা পিয়া সেনগুপ্ত। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যতদূর জানি ওকে ডেকেছে কারণ ২০১৭ সালে বনির সঙ্গে একটা ছবি ও কিছু ইভেন্ট নিয়ে কথা বলেছিল কুন্তল। যে ছবিতে বনি অভিনয় করবে এবং প্রযোজনায় কুন্তল। এই কথা হওয়ার পর গাড়ির অ্য়াকাউন্টে কুন্তল টাকা পাঠায়। সেই লিঙ্কটা জন্য়ই হয়তো ইডি ডেকেছে।’

ঘটনাচক্রে, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে শুক্রবার শান্তনুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিকবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

আরআর