বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২২, ০১:৪২ পিএম
চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ সালে যুগ্মভাবে আজীবন সম্মাননা পেয়েছেন রাইসুল ইসলাম আসাদ ও আনোয়ারা। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আনোয়ারাকে দিয়ে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। শারীরিক অসুস্থতার জন্য তিনি নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করতে পারেননি। আনোয়ারার পক্ষ থেকে আয়োজনের সভাপতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে মুক্তি। তবে নিজ হাতে পুরস্কার গ্রহণ করেন রাইসুল ইসলাম আসাদ।
আজীবন সম্মাননার অনুভূতি জানিয়ে রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘স্বীকৃতি সব সময় আনন্দের। শিল্পীজীবনে বহু সম্মাননা পেয়েছি। এ নিয়ে আলাদা কোনো মোহ নেই। পুরস্কার পেতে হবে ভেবে কাজ করিনি। তারপরও যখন কোনো স্বীকৃতি পাই, তখন মনে হয়, আমার কাছে দর্শকের প্রত্যাশা এখনো শেষ হয়নি। আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, পেয়েছি একুশে পদকও। চলচ্চিত্রে আগামী বছর আমার ৫০ বছর পূর্ণ হবে। তার আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্তির ব্যাপারটি আমার কাছে অনেক বড়। যদিও চলচ্চিত্রে খুব বেশি অভিনয় করিনি। এ সম্মাননা অবশ্যই নতুনভাবে অনুপ্রাণিত করেছে।’
করোনার কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের সিনেমা হলগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় সমাজ গঠনে চলচ্চিত্রের বিরাট ভূমিকার কথা জানিয়ে বিনোদনের পাশাপাশি সমাজ সংস্কার ও দেশ গঠনেও চলচ্চিত্র সংশ্লিষ্টদের অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরএসও