বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম
বলিউড তারকা অক্ষয় কুমারের যত ব্যস্ততা তার সব এখন মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘সেলফি’ নিয়ে। ছবিটির প্রচারণায় সরব রয়েছেন তিনি। ঢুঁ মারছেন বিভিন্ন স্থানে। এবার সেলফি তুলে তিনি করলেন বিশ্বরেকর্ড। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অক্ষয়। সেখানে তাকে পেয়েই অনুরাগীদের সেলফি তোলার আবদার শুরু হয়। অক্ষয়ও মেনে নেন সে আবদার। তবে এক পন্থা অবলম্বন করেন সেলফি তুলতে। এক জায়গায় দাঁড়িয়ে তিনি মোবাইলে ক্লিক করছিলেন শুধু। আর অনুরাগীরা তাকে ঘিরে একের পর এক এসে পোজ দিচ্ছিলেন। এভাবে কেটে যায় তিন মিনিট। হিসেব করে দেখা যায় মাত্র তিন মিনিটে অক্ষয় সেলফি তুলেছেন ১৮৪টি।

এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তিন মিনিটে এত সংখ্যক সেলফি এখনও কেউ তোলেনি। তাই তিন মিনিটে সর্বাধিক সেলফির মালিক হিসেবে অক্ষয়কে দেওয়া হয়েছে সার্টিফিকেট।
এ প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘যা কিছু আমি অর্জন করেছি এবং জীবনের এই মুহূর্তে যে অবস্থানে এসে পৌঁছেছি, এটা ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসার জন্যই হয়েছে। তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম এটি।’
আরআর