বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৬ পিএম
বিয়ের আগে অনেক সুন্দরীর ঘাটে তরী ভিড়িয়েছেন রণবীর। তদের সঙ্গে চুপিচুপি খেয়েছেন জল। কিন্তু কেউ বাঁধতে পারেননি ছোট কাপুরকে। অবশেষে তিনি থিতু হয়েছেন আলিয়া ভাটের আঁচলে। আজও বলিউডে কানাঘুষা চলে রণবীরের একাধিক প্রেম নিয়ে। অনুরাগীরাও জানতে চান তার প্রেমিকাদের সম্পর্কে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলিয়ার প্রেমে পড়ার আগে একজন কম এক ডজন নারীর প্রেমিক ছিলেন রণবীর। তার প্রথম প্রেমিকা ছিলেন অবন্তিকা মালিক। সিনেমায় নাম লেখানোর আগেই অবন্তিকার সঙ্গে জড়িয়েছিলেন তিনি। এরপর রণবীরের জীবনে আসেন দশ বছরের বড় নন্দিতা মাহথানি। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের স্ত্রী ছিলেন তিনি। তবে প্রকাশ্যে একসঙ্গে কখনও দেখা যায়নি রণবীর-নন্দিতাকে।

নন্দিতার আঁচল ছেড়ে রণবীর ধরেন সোনম কাপুরের হাত। ‘সওয়ারিয়া’ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি হয়েছিলেন তারা। তবে বেশিদিন লাগেনি তাদের আলাদা হতে। সোনমের পর রণবীর মন চুরি করছিলেন বলিউডের অন্যতম লাস্যময়ী প্রিয়াঙ্কা চোপড়ার। পর্দায় তাদের রসায়নের পাশাপাশি বাস্তব জীবনে তাদের সম্পর্ক নিয়ে আগ্রহ ছিল মানুষের। কিন্তু একসঙ্গে থাকতে পারেননি তারা।
পিগি চপসের সঙ্গে হৃদয়ের লেনাদেনা চুকিয়ে রণবীর দোলা দেন দীপিকা পাড়ুকোনের মনে। রণবীরের জীবনের সবচেয়ে আলোচিত সঙ্গী ছিলেন দীপিকা। বি-টাউনের সবাই জানত তাদের সম্পর্কের কথা। এমনকি, দীপিকা তার শরীরে ‘আরকে’ লেখা ট্যাটুও করিয়েছিলেন। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি।

এরপর রণবীরের জীবনে আসেন বলিউডের অন্যতম সুন্দরী ক্যাটরিনা কাইফ। প্রায় বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রণবীর-ক্যাটরিনার সম্পর্ক। কিন্তু শেষ পর্যন্ত রণবীরের ঘরণী হওয়া হয়ে ওঠেনি ক্যাটের। তিনি এখন জীবন সাজিয়েছেন ভিকি কৌশলের সঙ্গে।
ক্যাটরিনার পর রণবীর ধরেছিলেন পাকিস্তান বংশোদ্ভূত নার্গিস ফাখরির হাত। রকস্টার সিনেমায় কা করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েছিলেন তারা। কিন্তু তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, ক্যাটরিনা এবং রণবীরের সম্পর্ক ভাঙার পেছনে ছিলেন নার্গিস।

এরপর মডেল অ্যাঞ্জেলা জনসনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রণবীরের। অ্যাঞ্জেলা মিডিয়ার কাছে তার সঙ্গে রণবীরের সম্পর্ক অস্বীকার করেননি। কিন্তু সে সম্পর্ক ভেঙে যায়। বয়সে বড় আমিশা প্যাটেলের মনেও ঘর বেঁধেছিলেন রণবীর। আরও জড়িয়েছিলেন শ্রুতি হাসান ও মাহিরা খানের সঙ্গে সম্পর্কে। তবে এদের কারও হৃদয় ঘাটেই স্থায়ী হননি ছটফটে রণবীর।
অবশেষে তাকে শান্ত করেন আলিয়া এসে। ‘ব্রহ্মাস্ত্র’-র সেটে প্রথম দেখা হয়েছিল রণলিয়ার। এরপরের গল্প তো সবার জানা। প্লেবয় স্বভাব ত্যাগ করে আলিয়ার হাত ধরে সংসারী হয়েছেন রণবীর। তার ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা। কিছুদিন আগে ভালোবাসা দিবসে রণবীর এক ভরা অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে জানিয়েছেন আলিয়া ও তাদের কন্যার প্রতি ভালোবাসা।
আরআর