বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ পিএম
দীর্ঘসময় পর্দায় না থাকলেও ঢালিউড তারকা দম্পতি নাঈম-শাবনাজকে ভোলেনি দর্শক। জনপ্রিয়তাটা তাদের আগের মতোই আছে। তবে অবাক করা কথা হচ্ছে, শুরুতে শাবনাজের সঙ্গে অভিনয়ে ইচ্ছুক ছিলেন না নাঈম। এ কথা শাবনাজের মুখের ওপর জানিয়ে দিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শাবনাজ নিজেই।
নব্বই দশকে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নাঈম-শাবনাজের। ছবিটি নির্মাণ করেছিলেন এহতেশহাম। এ ছবিতে কাকতালীয়ভবে যুক্ত হয়েছিলেন বলে জানান শাবনাজ।
তিনি বলেন, ‘আমার এক দাদার সঙ্গে এহতেশাম সাহেবের বন্ধুত্ব ছিলে। যে কারণে আমার এক চাচার বিয়েতে তিনি (এহতেশাম) গিয়েছিলেন। আমিও সেখানে ছিলাম। সেদিন আমি প্রথম শাড়ি পরে ছিলাম। সেই বিয়ের ভিডিও দেখতে গিয়ে তার মনে হয়েছিল আমার ক্যামেরা ফেস ভালো। এরপর তিনি আমাদের বাসায় আসেন। সেদিন নাঈমও এসেছিল। আব্বাকে বলল, ওকে সিনেমায় নিতে চাই। তখন আমি ক্লাস টেনে পড়ি। সামনে পরীক্ষা। আব্বা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না।’
এরপর শাবনাজ বলেন, ‘এরমধ্যে আমার সামনেই নাঈম বলে ফেলল, এই মেয়ের সঙ্গে আমি অভিনয় করবো না। তাকে দিয়ে হবে না। তখন আমি বেশ শুকনো-পাতলা, চশমা পরি। ওর আসলে মনে হয়েছিল, ইনোসেন্ট একটা মেয়ে কীভাবে সিনেমা করবে? বিষয়টি কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। খুব অপমানিত বোধ করেছিলাম।’
নাঈমের এমন মন্তব্যে শাবনাজ বেশ অপমানিত বোধ করেছিলেন সেদিন। তবে সে বরফ গলতে বেশি সময় লাগেনি। ‘চাঁদনী’ সিনেমার দুর্দান্ত সফলতায় রাতারাতি তারকা হয়ে ওঠেন শাবনাজ-নাঈম। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও দোলা দেন একে অন্যের হৃদয়ে।
আরআর