বিনোদন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ১২:২৫ পিএম
বিয়ের পর ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন ক্যাটরিনা কাইফ। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তাদের যৌথ ছবি দেখে বোঝা যায় তা। মাঝে মাঝেই একে অন্যের প্রশংসা করে থাকেন তারা। সেইসঙ্গে ক্যাটরিনার কথায় বোঝা যায়, ভিকি শুধু স্বামী না বাবার অভাবও পূরণ করেছেন তার। ভারতীয় সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আট ভাই-বোন ক্যাটরিনারা। ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে গেলে তাদের সবাইকে এক হাতে মানুষ করেন মা সুজান টারকোট। এজন্য মাকে ভীষণ সংগ্রাম করতে হয়েছে। সেই জীবনযুদ্ধ খুব কাছে থেকে দেখেছেন এ অভিনেত্রী।
মায়ের সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘এতগুলো সন্তান! কয়জন মা একা সামলাতে পারেন আমি জানি না। আমার মাকে দেখেছি। আশ্চর্য হয়েছি। আমাদের সমস্ত সময় আড়াল করে রেখেছিল মা। কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা নিয়ে কখনও কথা বলেনি। কিন্তু আমি শুনতে চেয়েছিলাম সেই অধ্যায়। দেখেছিলাম, মা-ও কথাগুলো বলতে পেরে হালকা হচ্ছে।’
এদিকে মা-বাবার বিচ্ছেদ থেকে ক্যাটরিনা বুঝতে পেরেছিলেন জীবনে চলতে একজন শক্তিশালী পুরুষ প্রয়োজন। ছোটবেলা থেকেই এই অভাব বোধ করতেন তিনি। ভাবতেন, বাবা কাছে থাকলে এই অভাব কাজ করত না তার মাঝে। কেননা এই অভাবেই মাকে এত সংগ্রাম করতে হতো বলে মনে করেন তিনি।
তাই তখন থেকেই নিজের জীবনে একজন বিশ্বস্ত ও শক্তিশালী পুরুষ চাইতেন ক্যাটরিনা। এদিকে ভিকির হাত ধরে শৈশব থেকে খুঁজে বেড়ানো সেই পুরুষের দেখা পেয়েছেন তিনি। ওই জায়গা থেকে বলা যায়, স্বামী ভিকি বাবার অভাবও পূরণ করেছেন ক্যাটের।
আরআর