রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১২ মার্চ ২০২২, ০৬:৫২ পিএম
ঢাকায় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ঢাকায় প্রবেশ করলেন তিনি! সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন সানি। কিছুক্ষণ পর গানবাংলা টেলিভিশনের কর্ণধার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস এবং স্বামী ড্যানিয়েলের সঙ্গে একটি গ্রুপ সেলফি প্রকাশও করেন। ছবির ক্যাপশনেও ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।
নিষেধাজ্ঞার পরও সানি কীভাবে বাংলাদেশে প্রবেশ করলেন— মাথাচাড়া দিয়ে উঠছে এই প্রশ্ন। উত্তর জানতে যোগাযোগ করা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। সেখানকার জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কেবল প্রজ্ঞাপন জারি করতে পারে। এর বাইরে আইনগত কোনো পদক্ষেপ নিতে পারে না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি অনুবিভাগ) জাহাংগীর আলম বলেন, ‘আমাদের কাছে বিষয়টি পরে আসবে। আগে ইমিগ্রেশন কতৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বাধা টপকাতে হবে তাকে। তারা যদি ঢুকতে দেয় তখন বিষয়টিতে আমরা হস্তক্ষেপ করব।’
তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর কাছে সানির ঢাকা আসার কোনো তথ্য নেই। ব্যাটালিয়নের এএসপি জান্নাত বলেন, ‘সানি লিওনের ঢাকায় আসার কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন।’
সানির বাংলাদেশ প্রবেশের বিষয়টি নিশ্চিত হতে বিমানবন্দর ইমিগ্রেশন দফতরে যোগাযোগ করা হলে সেখানকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা মেইলকে সানির ঢাকায় প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ শনিবার স্থানীয় সময় ৩টা ১৯ মিনিটে সানিকে বহনকারী উড়োজাহাজ ঢাকা পৌঁছায়। মুম্বাই থেকে তিনি ঢাকায় উড়াল দেন ভারতীয় সময় ১২টা ২৭ মিনিটে।
ওই কর্মকর্তা বলেন, ‘সানি লিওন ওয়ার্ক পারমিট পাননি। তাই তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না।’
সানি লিওনের ঢাকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন তার পাবলিকেশন্স ম্যানেজার ইব্রাহিম। তিনি জানান, সানি বাংলাদেশে এসেছেন। তবে আসার কারণ সম্পর্কে জানেন না তিনি।
সানির স্বামী ডেনিয়েল ওয়েবার হোয়াটসঅ্যাপে এক অডিওবার্তায় জানিয়েছেন, সানি আর কখনও বাংলাদেশে কাজ করবেন না। এ সময় সানিকে নিয়ে মিথ্যাচারেরও প্রতিবাদ জানান তিনি।
এর কিছুক্ষণ পর সানি ঢাকায় বিমানবন্দরে তোলা ছবি প্রকাশ করেন। পরে আবার তাকে সানির এই ছবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি দুটি হাসির ইমো পাঠান।
মূলত শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শ্যুটিংয়ের জন্য বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির কাজ স্থগিত করেছে।
কৌশিক হোসেন তাপসের সঙ্গে সানি লিওনের পেশাদারি সম্পর্ক রয়েছে। এই শিল্পীর একটি হিন্দি গানে মডেল হয়েছিলেন সানি। এছাড়া তারই মালিকানাধীন টিএম রেকর্ডসের ব্যানারে নির্মিত গানেও কোমর দুলিয়েছেন এই বলিউড সুন্দরী। গানটির কণ্ঠশিল্পী ছিলেন ঐশী।
আরএসও