বিনোদন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ১২:১০ পিএম
দীর্ঘসময় পর্দায় না থাকলেও ঢালিউডের তারকা দম্পতি নাঈম-শাবনাজকে ভোলেনি দর্শক। জনপ্রিয়তাটা তাদের আগের মতোই আছে। অনুরাগীরা এখনও তাদের খোঁজ রাখেন। চার মাস ভারতে কাটিয়ে দেশে ফিরেছেন তারা। সামাজিক মাধ্যমে এ খবর পেতেই কিছুটা শংকিত ছিলেন তাদের অনুরাগীরা। কী কারণে এই লম্বা সফর— সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। এবার তাদের সাহায্য করতে এগিয়ে এলেন শাবনাজ। জানালেন এতদিন ভারত থাকার কারণ।
নাঈম-শাবনাজের ভারত সফরের পেছনে একাধিক কারণ ছিল। এরমধ্যে নাঈমের অসুস্থতা ও তাদের মানসিক প্রশান্তির অভাব উল্লেখযোগ্য। শাবনাজ বলেন, ‘গত বছর নভেম্বরে নাঈমের স্পাইনালে বাইপাস সার্জারি করা হয়, তখন থেকেই মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলাম। পরে ঠিকমতো নাঈমের চিকিৎসা হলো। এর পর থেকে একটু চাপমুক্ত সময় পার করতে চাচ্ছিলাম। নাঈমের বাইপাস সার্জারির পরে নাঈমকে নিয়ে কিছুটা চিন্তা ছিল। ভারতে যাওয়ার আগেই ভেবেছিলাম, নাঈমকে সেখানে পুরো চেকআপ করাব। নাঈম এই সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তার সবকিছু এখন নরমাল আছে। ডাক্তার আমাদের বলে দিয়েছেন, আপাতত নাঈমকে নিয়ে চিন্তা নেই। তার সব ঠিক আছে।’
এর আগে করোনা মহামারিতে থমকে গিয়েছিল পৃথিবী। অন্যদের মতো নাঈম-শাবনাজও বেছে নিয়েছিলেন ঘরবন্দি জীবন। মানসিক প্রশান্তির অভাব শুরু হয়েছিল তখন থেকেই। ভর করেছিল বিষণ্ণতা। এসব সমস্যা সমাধানের অন্যতম উপায় ভ্রমণ। শাবনাজ বলেন, ‘আমরা নাঈমের চিকিৎসার পাশাপাশি তাজমহল, জয়পুরের অনেক জায়গায় ঘুরেছি। দুই মেয়ে ছিল আমাদের সঙ্গে। করোনার পর থেকে তারাও তেমন ঘোরার সুযোগ পায়নি। তাদের নিয়ে ঘোরার ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু হয়ে উঠছিল না। সব মিলিয়ে একটু সময় নিয়ে ভারতে থেকেছি। এখানে আমাদের অনেক আত্মীয়স্বজন রয়েছে। পরে মনে হলো গ্রামটাই অনেক টানছে। গ্রামের শীতটা আমাদের ভীষণ পছন্দের।’
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় জুটি ছিলেন নাঈম-শাবনাজ। ১৯৯১ সালে রূপালি পর্দায় পথচলা শুরু তাদের। অসংখ্য ছবিতে তারা পর্দা ভাগ করেছেন। এরমধ্যে ‘চোখে চোখে’, ‘সোনিয়া’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’, ‘বিষের বাঁশি’ উল্লেখযোগ্য। পর্দার রসায়ন প্রভাব ফেলেছিল তাদের ব্যক্তিগত জীবনেও। ফলস্বরূপ ১৯৯৪ সালে বাস্তবে একে অন্যের জীবনে থিতু হন তারা।
নাঈম-শাবনাজ এখন কোলাহলময় শহুরে জীবন ত্যাগ করে ঠাই নিয়েছেন গ্রামের কোলে। টাঙ্গাইলের জমদার পরিবারের উত্তরসূরি এ নায়ক-নায়িকা বাসা বেঁধেছেন তাদের জমিদার বাড়িতে। এরইমধ্যে কুয়াশার চাদর গায়ে ডানা ঝাপটাচ্ছে শীত। গ্রামের শীতটা আবার শাবনাজকে ভীষণ টানে। তাই ভারত থেকে ফিরে ঢাকায় উঠলেও শিগগিরই পরিকল্পনা করছেন গ্রামে ফিরে যাওয়ার। ভক্তদের নিকট দোয়া চাওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শাবনাজ।
আরআর