Dhaka Mail Logo

বিনোদন

রাজার মতো প্রত্যাবর্তনের অপেক্ষায় শাকিব খান

বিনোদন ডেস্ক

১২ মার্চ ২০২২, ১১:৪৩ এএম

বড় পর্দায় শাকিব খান নেই প্রায় এক বছর। তা সত্ত্বেও জনপ্রিয়তায় এক ফোঁটাও ভাটা পড়েনি তার। ভক্তদের কাছে তিনি এখনও এক নম্বর। তারা জানেন, প্রত্যাবর্তনটা রাজার মতোই হবে প্রিয় নায়কের।

চলতি বছর কিং খানের তিনটি সিনেমা মুক্তি পাবে। ফেসবুকে এমন তথ্যই জানিয়েছেন তিনি। সিনেমাগুলো হলো— ‘অন্তরাত্মা’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘গলুই’।

উল্লেখিত তিনটি ছবির বিভিন্ন লুকের কোলাজ ফেসবুক কাভারে ব্যবহার করে শাকিব খান লিখেছেন, ‘চলতি বছর মুক্তি পাবে সিনেমাটি। তবে তারিখ নির্ভর করছে প্রযোজকদের ওপর।’

Shakib Khan
মুক্তির অপেক্ষায় শাকিবের তিন ছবি । ছবি: ফেসবুক

কলকাতার নায়িকা দর্শনা বণিকের সঙ্গে জুটি বেঁধেছেন ‘অন্তরাত্মা’ সিনেমায়। ছবির পরিচালক ওয়োজেদ আলী সুমন। তপু খান পরিচালনা করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে শাকিবের বিপরীতে আছেন বুবলী। এস.এ হক অলিক পরিচালিত ‘গলুই’ ছবিতে দেখা যাবে শাকিব-পূজা জুটি। সরকারি অনুদানে নির্মিত হয়েছে এটি।

এদিকে কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড ভাইজান। সেখান থেকে তিনি তার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি প্রযোজনা করবে এস কে ফিল্মস।

Shakib Khan
যুক্তরাষ্ট্রে শাকিব খান । ছবি: ফেসবুক

কিছুদিন আগে হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন— সিনেমার নাম, নায়িকা ও শ্যুটিংসহ যাবতীয় তথ্য প্রকাশ করা হবে ২৮ মার্চ। কারণ তারিখটি শাকিবের জন্মদিন। জন্মদিনে ভক্তদের চমক দিতেই এই সিদ্ধান্ত। 

ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ। এর ৭০ ভাগ চিত্রায়িত হবে নিউইয়র্ক, ফ্লোরিডা, লাস ভেগাস ও হলিউডে। ৩০ ভাগ বাংলাদেশে।

আরএসও