বিনোদন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ এএম
অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। এসবই হয়েছে খুব গোপনে। যদিও ঢালিউডের অন্দরমহলে তাদের বিয়ে-সন্তান নিয়ে কানাঘুষা হচ্ছিল তখন থেকেই।
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর শাকিবের প্রথম সন্তান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। তারপর আর বুঝতে বাকি থাকে না যে, চলমান গুঞ্জন সত্যি হতে চলেছে। সেটাই হয়েছে। ৩০ সেপ্টেম্বর অভিনেত্রী জানান, তার সন্তানের পিতা শাকিব। পরে শাকিব সন্তানের স্বীকৃতি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি প্রকাশ করেন।
এরপর প্রশ্ন উঠেছিল, কেন সন্তানের খবর গোপন রেখেছিলেন বুবলী? গতকাল রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এই প্রশ্নের উত্তর দেন নায়িকা।
বুবলী বলেন, ‘গত তিন বছর ধরেই আমি চাচ্ছিলাম আমরা একসঙ্গে ওর বিষয়টা সামনে আনতে। সুন্দর করে তুলে ধরতে। কিন্তু হচ্ছিল না। সে কারণেই এভাবে খবরটা প্রকাশ করা। কারণ ওর জায়গা থেকেই, ও হয়তো একদিন প্রশ্ন করবে মা তুমি তো কোনোদিন কথা বলোনি। সে কারণেই এই কথাগুলো বলছি।’
>>> আরও পড়ুন: শাকিব বিবাহিত জানলে তাকে বিয়ে করতাম না: বুবলী
>>> আরও পড়ুন: জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশের কারণ জানালেন বুবলী
>>> আরও পড়ুন: কিছু বললে শাকিবকে অসম্মান করা হবে, নাকফুল প্রসঙ্গে বুবলী
শেহজাদের উদ্দেশ্যে কান্না বিজড়িত কণ্ঠে বুবলী বলেন, ‘বাবা শেহজাদ, মা হয়তো সবসময় তোমার পাশে থাকবে না। কিন্তু অন্যান্য মায়েদের মতো আমিও তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা। আমি সবসময় তোমার পাশে ছিলাম, থাকব। তুমি মানুষের মতো মানুষ হও বাবা। তোমার মা-বাবা সবাই আমরা তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমার জায়গা থেকে হয়তো সবসময় সেরাটুকু আমি দিতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।’
প্রকাশিত ওই ভিডিও বার্তায় বুবলী আরও বেশকিছু প্রসঙ্গে কথা বলেন। এর আগে জানিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে চলমান বির্তকের বিষয়ে পরিষ্কার করবেন। কিন্ত সেটা না করে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।
/আরএসও