images

বিনোদন

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দৃশ্যম-টু’

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর ২০২২, ০৫:০০ পিএম

সময়টা ভালো যাচ্ছে না বলিউডের। চলতি বছর এক-দুইটা ছাড়া একটা সিনেমাও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এ কারণে বি-টাউনের তারকারা হতাশার মধ্যে পড়েছিলেন।

তবে খুশির খবর হলো, বছরের শেষ দিকে এসে হিটের মুখ দেখল বলিউডের সিনেমা। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) মুক্তি পাওয়া ‘দৃশ্যম-টু’ রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই আয় করছে ১৫.৩৮ কোটি রুপি।

শনিবার ও রোববার ছুটির দিন থাকায় দৃশ্যম ২-এর ব্যবসা হু হু করে বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত জুড়ে মোট ৩ হাজার৩০২টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এবার দৃশ্যম-টু সিনেমাটির আয় হয়তো ১৫০ কোটি ছাড়াতে পারে।